সম্প্রতি ভারতের মুম্বাইয়ে শুটিং হয়েছে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার। নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালনায় যেখানে ঢালিউড সুপারস্টারের বিপরীতে দ্বিতীয়বার জুটি বাঁধছেন টলিউডের ইধিকা পাল। ইতিমধ্যে সিনেমাটির প্রথম লটের শুটিং সম্পন্ন। দ্বিতীয় লটের শুটিং হবে ডিসেম্বরে।
এরইমধ্যে নতুন খবর, এই সিনেমায় রয়েছেন টলিউডের আরও এক জনপ্রিয় অভিনেত্রী, তিনি নুসরাত জাহান। আইটেম গানে দেখা যাবে তাঁকে। মুম্বাইয়ে গানটির শুটিংও সেরে ফেলেছেন তিনি।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই তথ্য নুসরাত নিজেই জানিয়েছেন গণমাধ্যমে। ‘খিলাড়ি’খ্যাত নায়িকা বলেন, ‘একটা ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময় ভালো হয়। শাকিব খানের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এখনই সব বলতে চাচ্ছি না। গানটির জন্য শুধু অপেক্ষা করছি।’
এর আগে যৌথ প্রযোজনার ‘নাকাব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন নুসরাত।
এদিকে, কয়েকদিন আগেই শাকিব খান জানিয়েছেন যে, সুপারহিট ‘তুফান’র দ্বিগুণ বাজেটে নির্মিত হচ্ছে বরবাদ। আগামী বছরের ঈদুল ফিতরে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।