বিনোদন ডেস্কঃ
বলিউডের আলোচিত ও বহুল প্রতীক্ষিত মেগা প্রজেক্ট ‘ডন–৩’ ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্কের ঝড়। সিনেমাটি থেকে রণবীর সিংয়ের আকস্মিক সরে দাঁড়ানোকে কেন্দ্র করে যে জটিলতা শুরু হয়েছিল, তা এখন গড়িয়েছে আর্থিক ক্ষতিপূরণ এবং পারস্পরিক সমঝোতার আলোচনায়।
পরিচালক ও প্রযোজক ফারহান আখতারের এই উচ্চ বাজেটের সিনেমায় রণবীর সিংকে প্রধান চরিত্রে নেওয়ার পরিকল্পনা থাকলেও, পরবর্তীতে তিনি প্রকল্পটি ছেড়ে দেন। তার এই সিদ্ধান্তে প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে ক্ষতিপূরণের দাবি ওঠে। প্রযোজক ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানি যৌথভাবে প্রায় ৪০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেন বলে জানা যায়। তবে শুরুতে এই অর্থনৈতিক দাবি মেনে নিতে নারাজ ছিলেন রণবীর সিং।
পরিস্থিতি জটিল হয়ে উঠলে বিষয়টি সমাধানের জন্য ভারতের প্রযোজক সংগঠন প্রোডিউসার্স গিল্ড অব ইন্ডিয়া মধ্যস্থতায় এগিয়ে আসে। একই সময়ে গুঞ্জন ছড়ায়, বলিউড অভিনেতা আমির খান নাকি দুই পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করছেন। তবে পরে তিনি স্পষ্টভাবে জানান, এই বিতর্কের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং বিষয়টি সম্পূর্ণ গুজব।
নতুন করে যে তথ্য সামনে এসেছে, তাতে বলা হচ্ছে—বর্তমান টানাপোড়েন ও সম্পর্কের অবনতির পরিস্থিতি সামাল দিতে নিজ উদ্যোগেই এগিয়ে এসেছেন রণবীর সিং। শোনা যাচ্ছে, তিনি ইতিমধ্যে ‘ডন–৩’ এর জন্য নেওয়া প্রায় ১০ কোটি রুপি অগ্রিম পারিশ্রমিক ফেরত দেওয়ার বিষয়েও ভাবছেন। এতে করে দুই পক্ষের মধ্যে সমঝোতার পথ কিছুটা হলেও সহজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সব মিলিয়ে ‘ডন–৩’ এখন শুধুমাত্র একটি চলচ্চিত্র নয়, বরং বলিউডের অন্যতম আলোচিত বিতর্কে পরিণত হয়েছে। প্রকল্পটি ঘিরে অনিশ্চয়তা যেমন বাড়ছে, তেমনি শিল্প অঙ্গনে চুক্তি ও দায়বদ্ধতা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।