লক্ষ্ণীপুর সংবাদদাতা:
গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, কারও অবিমৃত্তিপূর্ণ কর্মসূচির কারণে যেন জনগণের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত না হয়। প্রতিটি রাজনৈতিক দল ও নেতাকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “রাজনৈতিক শক্তির মধ্যে ঐক্য ও সংহতি ছাড়া দেশ ও জনগণের কল্যাণ সম্ভব নয়।”
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ্যানি আরও বলেন, “এ সরকার কোনো একক ব্যক্তি বা দলের নয়, এটি আমাদের আন্দোলনের অর্জন, জনগণের সরকার। তাই এ সরকারের প্রতি জনগণের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেশি। আইনশৃঙ্খলার অবনতি যেন না ঘটে, আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বাজুস সভাপতি সমীর কর্মকার। এতে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শংকর মজুমদার, পরিচালক স্বপন দেবনাথ, বাজুসের আইন উপদেষ্টা মিলন মন্ডল, যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা এবং বাজুস জেলা সাধারণ সম্পাদক পরেশ কর্মকার।
অনুষ্ঠানে বাজুসের সভাপতি সমীর কর্মকার বলেন, “১৯৬৬ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করে বাজুস। আজ দেশের প্রায় ৪০ হাজার জুয়েলার্স ব্যবসায়ীর এ সংগঠন ৬০ বছর পূর্ণ করেছে।”
দিনব্যাপী আয়োজনে ছিল কেক কাটা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা।