নিজস্ব প্রতিনিধি :
কুমিল্লা নগরীতে সেনাবাহিনী ও র্যাব-১১ এর যৌথ অভিযানে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। সোমবার (২১ জুলাই) গভীর রাতে কোতোয়ালী মডেল থানার মুরাদপুর ও নুরপুর এলাকায় পৃথকভাবে এ অভিযান চালানো হয়।
মুরাদপুর থেকে আটক মো. আবু হায়দারের (৪০) বাসা থেকে তিনটি দেশীয় এলজি, একটি বিদেশি চাকু, একটি ছেনি, একটি পাসপোর্ট ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অন্যদিকে, নুরপুর এলাকা থেকে আটক করা হয় মজিবুর রহমান ওরফে পেনু মির্জা (৩৮) কে। তার কাছ থেকে একটি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করে যৌথ বাহিনী।
কোতোয়ালী মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।