ইয়াহিয়া খান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যু দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে। সেই শোক ছুঁয়ে গেছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরও। মর্মন্তুদ এই ঘটনার প্রেক্ষিতে হযরত যায়েদ বিন হারিছা (রাঃ) ইয়াতিমখানা হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং-এ অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ দোয়া মাহফিল।
শুক্রবার (২৫ জুলাই) জুমার নামাজের পর ইয়াতিমখানার শিক্ষার্থী ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষদের অংশগ্রহণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা ও পরিবারগুলোর জন্য ধৈর্য ও সহনশীলতা কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানটির মহতামিম হাফেজ আহসানুল্লাহ।
দোয়া মাহফিলে বিভিন্ন স্তরের রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ অংশ নেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার মজলিশে শূরা সদস্য ও এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি ডা. মো. মোফাজ্জল হোসেন সবুজ, থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাংগঠনিক সদর ইউনিয়নের সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, ব্রাহ্মণ গ্রাম ওয়ার্ড শাখার সভাপতি মো. ইছাহাক হোসেন রুবেল, ডা. হাবিবুর রহমান আলাল এবং মো. হারুন বেপারী।
এই দোয়া মাহফিল যেন এক অনাড়ম্বর কিন্তু হৃদয়স্পর্শী শ্রদ্ধা নিবেদন, যা প্রমাণ করে, মানবতার যেকোনো বেদনায় দেশজুড়ে এক অনন্য ঐক্যের অনুভব এখনও জাগ্রত আছে।