নিজস্ব প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চালিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ১১টায় নাগরপুর যদুনাথ পাইলট স্কুল অ্যান্ড কলেজ শহিদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয় এই কর্মসূচি।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ২৯ জুলাই টাঙ্গাইল সফরকে ঘিরে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় সংগঠকরা। সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জনাব ওয়াহেদুজ্জামান সুমনের নেতৃত্বে দিনব্যাপী জনসংযোগে দলীয় প্রচারপত্র বিতরণ করা হয় নাগরপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়। মিছিলটি যদুনাথ স্কুল থেকে শুরু হয়ে রিকশা স্ট্যান্ড, সরকারি কলেজ রোড, কাঁচাবাজার ও তালতলা হয়ে শহরের কেন্দ্রস্থলে পৌঁছায়।
তালতলায় আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর শাখার সংগঠক জনাব স্বাধীন মাহবুব, খিলক্ষেত থানা শাখার সংগঠক জনাব তৌফিক নিয়াজ, নাগরপুর উপজেলার সংগঠক জনাব সরদার আশরাফ এবং মোহাম্মদ মোজাম্মেল হোসেন।
বক্তারা “জুলাই সনদ” বাস্তবায়ন, গণপরিষদ নির্বাচন, বিচার বিভাগীয় সংস্কার, জাতীয় ঐক্য এবং জনগণের মৌলিক অধিকার আদায়ের ওপর জোর দেন। তারা বলেন, এনসিপি বিশ্বাস করে জনগণের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়েই একটি সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব।
কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বক্তারা আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে ওয়াহেদুজ্জামান সুমনের নেতৃত্বে টাঙ্গাইল-৬ আসনে জাতীয় নাগরিক পার্টি একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।