বিশেষ প্রতিনিধি :
ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে মসজিদে জামাতে ২০০ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছে পাঁচ শিক্ষার্থী।
শুক্রবার (২৫ জুলাই) স্থানীয় সায়াদাতিয়া বায়তুল মা’মুর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এসব উপহার তুলে দেওয়া হয়। ব্যতিক্রমী এই আয়োজনের উদ্যোক্তা মসজিদ পরিচালনা কমিটি।
কমিটির পক্ষ থেকে জানানো হয়, শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় আগ্রহী করে তুলতে এবং মোবাইল-আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ইতিবাচক সাড়া মিলেছে এলাকায়। উপহার পেয়ে আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও জানান, তারা আগামীতেও নিয়মিত নামাজে অংশ নেবে।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সাকিব মোহাম্মদ আল হাসান বলেন, “আজকাল অনেক কিশোর মোবাইল, গেম ও মাদকে জড়িয়ে পড়ছে। তাদের সঠিক পথে ফিরিয়ে আনতেই আমরা মসজিদকে কেন্দ্র করে এই সামাজিক উদ্যোগ নিই। আমাদের বিশ্বাস, ধর্মীয় অনুশাসনই পারে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে।”
উল্লেখ্য, অনুষ্ঠানে আরও ১০ জন কিশোর ও বয়স্ক মুসল্লির মাঝে জায়নামাজ, টুপি ও মেসওয়াক বিতরণ করা হয়।
এলাকাবাসীর মতে, দেশের প্রতিটি অঞ্চলে যদি এমন উদ্যোগ নেওয়া হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম হবে ধর্মভীরু, শালীন ও নৈতিক শিক্ষায় পরিপূর্ণ।