নিজস্ব প্রতিনিধি :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা আবারও ৩ আগস্ট শহীদ মিনারে একত্রিত হবো। সেখান থেকেই বিচার-সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে ঘোষণা করা হবে নতুন বাংলাদেশের ইশতেহার। বিশ্বাস করি, নরসিংদীবাসী মাঠে থাকলে দাবি আদায় হবেই।”
বুধবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদী পৌরসভার সামনে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’র ৩০তম দিনে নরসিংদীতে পৌঁছে সমাবেশে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
নাহিদ ইসলাম বলেন, “২০২৪ সালের ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা বাতিলের দাবিতে আমরা রাজপথে নেমেছিলাম। সেই আন্দোলন পরিণত হয় গণঅভ্যুত্থানে। মানুষ রাস্তায় নেমে আসে স্বৈরাচার ও সন্ত্রাস-চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশায়। আজও সেই লক্ষ্য নিয়েই আমরা রাজপথে।”
তিনি বলেন, “একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নে আমরা এক বছর পর আবারো মাঠে নেমেছি। এই এক বছরে বহু বাধা এসেছে, ষড়যন্ত্র হয়েছে, কিন্তু আমরা পিছু হটিনি। সংস্কার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, নতুন সংবিধানের উদ্যোগ রুখে দেওয়া হয়েছে। কিন্তু আমরা দৃঢ়প্রতিজ্ঞ, সংবিধান সংস্কার এবং ফ্যাসিস্ট রাষ্ট্রপতির অপসারণসহ সব দাবি আদায় করেই ছাড়ব।”
এনসিপি নেতা অভিযোগ করেন, “নানা ষড়যন্ত্র ও হামলার মাধ্যমে আমাদের দমিয়ে রাখার চেষ্টা চলছে। তবে আগামীর বাংলাদেশে, আগামীর সংসদে জাতীয় নাগরিক পার্টির জয়গান উঠবেই। এনসিপিকে শক্তিশালী করুন ইনশাআল্লাহ বিজয় আসবেই।”
তিনি আরও বলেন, “আমাদের দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তারা নাগরিক পার্টির সদস্য না হলেও গণঅভ্যুত্থানের প্রতিনিধিত্ব করছেন। অন্তর্বর্তী সরকারে থেকে তারা গণআকাঙ্ক্ষা বাস্তবায়নের কাজ করছেন। তাদের পদত্যাগে বাধ্য করার ষড়যন্ত্র জনগণ প্রতিহত করবে।”
সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী প্রমুখ।