নিজস্ব প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্যানেল গঠনের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণে দীর্ঘদিন কাজ করে আসা এই শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্যানেলের কথা জানান।
বুধবার (৩০ জিলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে উমামা লেখেন, “বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। বৈধ সিটের দাবিতে ‘বৈধ সিট আমার অধিকার’ প্ল্যাটফর্ম গড়ে তুলি। অভিজ্ঞতা থেকেই উপলব্ধি করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গভীর সংকট কাটিয়ে ওঠার একমাত্র উপায় হচ্ছে একটি লেজিটিমেট ও কার্যকর ছাত্র সংসদ, যা কেবল শিক্ষার্থীদের স্বার্থেই কাজ করবে।”
তিনি বলেন, “আমি এমন একটি নেতৃত্বে বিশ্বাস করি, যারা কোনো রাজনৈতিক পক্ষের অনুগত থাকবে না। যারা বিশ্ববিদ্যালয়কে কেবল নেতা বানানোর কারখানা হিসেবে দেখবে না, বরং একে গুণগত শিক্ষার ও গবেষণাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের স্বপ্ন দেখাবে। যারা শিক্ষার্থীদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, সুষ্ঠু শিক্ষার পরিবেশ ও প্রশাসনিক জবাবদিহিতায় দৃঢ় থাকবে।”
উমামা ফাতেমা আরও জানান, ডাকসু নির্বাচনে তিনি একটি গবেষণানির্ভর, দূরদর্শী এবং কল্যাণমুখী স্বতন্ত্র প্যানেল গঠনের পরিকল্পনা করেছেন, যেখানে ছাত্ররাজনীতির পরিবর্তে শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনাই হবে মুখ্য বিষয়। সেই প্যানেলে যোগ দিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান তিনি।
ফেসবুক পোস্টের প্রথম মন্তব্যেই উমামা ফাতেমা অনলাইনে প্যানেলে যোগদানের একটি ফর্ম শেয়ার করেছেন, যেখানে আগ্রহীরা অংশ নিতে পারবেন।
এই ঘোষণার মধ্য দিয়ে ঢাবি ছাত্র রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গির একটি ধারা তৈরি হতে যাচ্ছে বলে মত দিচ্ছেন শিক্ষার্থীদের একটি অংশ।