হকির এশিয়া কাপে খেলার সৌভাগ্য খুলে গেল বাংলাদেশ জাতীয় দলের সামনে। আগামী ২৯ আগস্ট ভারতের রাজগিরে পর্দা উঠবে টুর্নামেন্টের ১২তম আসরের। নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সরে দাঁড়ানোয় তাদের জায়গায় আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ।
সোমবার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘আমরা আজ দুপুরে এশিয়ান হকি ফেডারেশন থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছি। ইনশাআল্লাহ, বাংলাদেশ এশিয়া কাপে অংশ নেবে। আমাদের প্রস্তুতিও চলমান।’
১৯৮২ সাল থেকে নিয়মিত এশিয়া কাপে অংশ নিচ্ছে বাংলাদেশ। তবে এবারে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও পাকিস্তানের নাম প্রত্যাহারের সুবাদে নতুন সুযোগ পেল লাল–সবুজের প্রতিনিধিরা।
আসরে মোট আটটি দল অংশ নেবে- ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ওমান, চাইনিজ তাইপে এবং বাংলাদেশ। প্রতিযোগিতা চলবে ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এখন পর্যন্ত সবচেয়ে সফল দেশ দক্ষিণ কোরিয়া, যারা পাঁচবার এশিয়া কাপ জয়ের কৃতিত্ব অর্জন করেছে।
আগামী বছরের আগস্টে বেলজিয়াম ও সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হবে হকি বিশ্বকাপ। এবারের এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
বাংলাদেশ দল ইতিমধ্যেই ১৪ আগস্ট থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে। প্রধান কোচ মশিউর রহমানের তত্ত্বাবধানে চলছে শেষ মুহূর্তের অনুশীলন।