২০২৫ সাল যেন শাহরুখ খানের! চলতি বছর তাঁর বৃহস্পতি তুঙ্গে। বক্স অফিস নয়, বরং এ বছর ব্যক্তিজীবনে একাধিক মাইলস্টোন ছুঁয়েছেন কিং খান। দীর্ঘ তিন দশকের ক্যারিয়ারে প্রথমবার ঘটেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তি। শুধু তাই নয়, সম্পত্তির হিসাবে প্রথমবার ১০ হাজার কোটির গণ্ডি পেরিয়ে বিশ্ব ধনকুবেরদের তালিকায় জায়গা করে নিয়েছেন। এমনকি চলতি বছর তাঁর হাত ধরে পরিচালক হিসেবে রেকর্ড গড়েছেন পুত্র আরিয়ান খান। এবার বছরের শেষদিকে এসে আরও এক নতুন পালক যুক্ত হলো বলিউড বাদশার মুকুটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের সেরা ৬৭ ফ্যাশনিস্তাদের তালিকায় ঠাঁই পেলেন শাহরুখ খান।
চলতি বছর মে মাসে নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট গ্যালারিতে আয়োজিত ‘মেট গালা’র মতো বিশ্বমানের ফ্যাশন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এই সুপারস্টার। সেই লাল গালিচায় হেঁটেই ইতিহাস গড়লেন তিনি। নেপথ্যে খ্যাতানামা বাঙালি পোশাকশিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়। ভারতীয় ঐতিহ্যের সঙ্গে পশ্চিমী ছোঁয়ার মিশেলে শাহরুখের জন্য ‘বন্ধ গলা’ পোশাক তৈরি করেছিলেন তিনি। আর সেই স্টাইলেই প্রথমবারের মতো নিউইয়র্ক টাইমসের ‘মোস্ট স্টাইলিশ’ তালিকায় জায়গা করে নিলেন কোনো ভারতীয় তারকা, তিনি শাহরুখ খান।
প্রথমবার মেট গালায় হেঁটেই এমন মাইলস্টোন ছোঁয়া তারকা ইতিহাসে বিরল। সেসময় নিজের দেশ ভারতের প্রতিনিধিত্ব করে দৃঢ় কণ্ঠে শাহরুখ বলেছিলেন, ‘আমার দেশের মানুষদের প্রতিনিধিত্ব করা ভীষণ জরুরি। ভারত এখন সর্বক্ষেত্রে নিজের অবস্থান স্পষ্ট করে দিচ্ছে এবং আমাদের উপস্থিতির গুরুত্বটাও বিশ্বকে বুঝিয়ে দেওয়া দরকার।’এবার তাঁর হাত ধরেই নিউইয়র্ক টাইমসের ‘মোস্ট স্টাইলিশ’ তালিকায় জায়গা পেয়েছে ভারত।