গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় দীর্ঘকালীন নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঠিক ৯ দিন পর, গত ৮ মার্চ তার ছেলে মোজতবা খামেনিকে দেশটির সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হিসেবে ঘোষণা করা হয়। আজ ক্ষমতা গ্রহণের পর প্রথম প্রকাশ্য বার্তায় তিনি ইরানের অনড় অবস্থানের জানান দিলেন।
মোজতবা খামেনি তার বিবৃতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক শক্তির প্রতি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেন — উপসাগরীয় অঞ্চলসহ মধ্যপ্রাচ্যের সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় এই প্রতিটি ঘাঁটি আমাদের হামলার লক্ষ্যবস্তু হবে।
একইসঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে তিনি ঘোষণা করেন, ইরানের শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে এই জলপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে। এটি বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যুদ্ধ কতদিন চলবে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, কোনো আবেগের বশবর্তী হয়ে নয় বরং সম্পূর্ণভাবে ইরানের জনগণের জাতীয় স্বার্থের ওপর ভিত্তি করেই যুদ্ধের মেয়াদ ও পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি ইরানের ভবিষ্যতের জন্য ‘সর্বোচ্চ নেতা’ পদের গুরুত্ব তুলে ধরে এই ঐতিহ্য ও অবস্থান রক্ষার অঙ্গীকার করেন।