এ বিষয়ে খুব শিগগিরই প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড কার্যালয়ে পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট পরামর্শ সভায় এ ঘোষণা দেওয়া হয়।
প্রথম ধাপ হিসেবে শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আবদুর রহমান খান বলেন, পাবলিক ট্রান্সপোর্টে সর্বোচ্চ ছাড় দেবে সরকার। টার্নওভার ট্যাক্স কমিয়ে আনার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হচ্ছে। কর ফাঁকির কারণে নানাক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। ভ্যাট রিফান্ড দেওয়ার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। দেড় বছর ধরে রিফান্ড দেওয়া হয় নাই। অন্যায় করা হচ্ছে। আরও কিছুদিন এমন করা হবে। যতো দিন সার্বিক কর্মকাণ্ড অনলাইন না হবে।
সরকারের লক্ষ্য তুলে ধরতে গিয়ে তিনি বলেন, পরিবহন খাতে জ্বালানির ওপর নির্ভরতা কমাতে চায় সরকার। এ লক্ষ্যেই স্কুল শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক মওকুফ করা হবে।
এনবিআর সূত্রে জানা গেছে, সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে গণপরিবহনে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে একদিকে জ্বালানি ব্যয় কমবে, অন্যদিকে পরিবেশ দূষণও হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে।