নিজস্ব প্রতিনিধিঃ
সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা এবং হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হজ টিমের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে হজ টিমের সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের সেবায় নিয়োজিত সদস্যদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানজনক। তাদের উচিত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে হজযাত্রীদের প্রকৃত খেদমত নিশ্চিত করা এবং এ সুযোগকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করা।
তিনি আরও বলেন, সেবার দায়িত্বের বাইরে কোনো ধরনের অনিয়ম বা অন্য কাজে জড়িত হওয়ার সুযোগ নেই। হজযাত্রীদের সেবায় কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।
ধর্মমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা দায়িত্বশীলভাবে সেবা প্রদান করবেন এবং হজযাত্রীদের সন্তুষ্টি অর্জন করবেন, তাদের ভবিষ্যতেও এ ধরনের দায়িত্বে অগ্রাধিকার দেওয়া হবে। তবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়টিও বিবেচনায় থাকবে।
অনুষ্ঠানে হজ টিমের সদস্যরা হজযাত্রীদের সেবায় আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও টিম সদস্যরা অংশ নেন। হজ অনুবিভাগের পক্ষ থেকে দায়িত্ব ও করণীয় বিষয়গুলো বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।