নিজস্ব প্রতিনিধিঃ
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) নিয়ে আয়োজিত জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কার্যক্রমকে আরও আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যেই এ সম্মেলনের আয়োজন করা হয়। একই সঙ্গে মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে অবহিত করা এবং সরকারের নির্দেশনা চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়াও ছিল এর উদ্দেশ্য।
সম্মেলনে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাস, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত জরুরি সেবা ক্যাটাগরিতে মনোনীত ছয়জন চিকিৎসককে ক্রেস্ট প্রদান করেন প্রধানমন্ত্রী। তারা হলেন—ডা. শোভন কুমার, আল মোরশেদ, মুজিবুর রহমান, সাজিদ হাসান, সুমন ক্লান্তি সাহা এবং তাসনিম জুবায়ের।
উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে এটিই ছিল প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক।