নিজস্ব প্রতিনিধিঃ
তুরস্কে চলমান আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম ২০২৬-এ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধান মিয়ানমারের রাখাইন রাজ্যেই নিহিত। তিনি বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছা প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
শুক্রবার ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন দ্য ফেস অব ডিসপ্লেসমেন্ট ক্রাইসিস’ শীর্ষক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে রাখাইনে মানবিক সহায়তার সীমা অতিক্রম করে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। একই সঙ্গে তিনি দাতা দেশগুলোর সহায়তা কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এ সহায়তা বাড়ানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, রাখাইনে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবাধিকার সুরক্ষায় জরুরি ও সমন্বিত পদক্ষেপ এখন সময়ের দাবি।
ড. খলিলুর রহমান জানান, দায়িত্ব গ্রহণের পর মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয় পক্ষই তাকে স্বাগত জানিয়েছে। তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানযোগ্য, তবে এর জন্য প্রয়োজন সমন্বিত বৈশ্বিক উদ্যোগ ও টেকসই আন্তর্জাতিক সহযোগিতা।