নিজস্ব প্রতিনিধিঃ
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। দেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষাকে সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করতে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা চলাকালীন সার্বিক শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে শিক্ষা প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
উপসচিব সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত ওই পত্রে বিভাগীয় পরিচালক, উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বশীল উপস্থিতি ও তদারকি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে শুরু হওয়া এ পরীক্ষাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি নকল প্রতিরোধে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, সমন্বিত প্রচেষ্টা ও কঠোর তদারকির মাধ্যমে এবারের এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশে সম্পন্ন করা সম্ভব হবে।