স্পোর্টস ডেস্কঃ
২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞার নিয়মে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে ফিফা। বিবিসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, টুর্নামেন্টে নতুন একটি ‘অ্যামনেস্টি’ ব্যবস্থা চালুর প্রস্তাব বিবেচনায় রয়েছে, যেখানে নির্দিষ্ট দুটি ধাপে খেলোয়াড়দের জমে থাকা হলুদ কার্ড বাতিল করা হবে।
প্রস্তাব অনুযায়ী, গ্রুপ পর্ব শেষ হওয়ার পর সব খেলোয়াড়ের হলুদ কার্ড শূন্য করে দেওয়া হবে। একইভাবে কোয়ার্টার ফাইনাল শেষ হওয়ার পর আবারও একটি ধাপে কার্ড বাতিল করা হবে। এতে পুরো টুর্নামেন্ট জুড়ে খেলোয়াড়দের নিষেধাজ্ঞার ঝুঁকি কমবে বলে মনে করছে ফিফা।
বর্তমান নিয়ম অনুযায়ী, প্রথম পাঁচ ম্যাচে দুইটি হলুদ কার্ড দেখলে কোনো খেলোয়াড় পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হন। তবে ২০২৬ বিশ্বকাপে দল সংখ্যা ৩২ থেকে বেড়ে ৪৮ হওয়ায় ম্যাচের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নকআউট পর্বে অতিরিক্ত রাউন্ড যুক্ত হওয়ায় সেমিফাইনালে পৌঁছাতে একটি দলকে ছয়টি ম্যাচও খেলতে হতে পারে। এতে গুরুত্বপূর্ণ ম্যাচে তারকা খেলোয়াড়দের নিষেধাজ্ঞায় পড়ার ঝুঁকি বাড়ছে।
ফিফা শুরুতে হলুদ কার্ডের সীমা দুই থেকে বাড়িয়ে তিন করার বিষয়টি বিবেচনায় নিলেও পরে নির্দিষ্ট পর্যায়ে কার্ড বাতিলের ব্যবস্থাকেই বেশি কার্যকর হিসেবে দেখছে। সংস্থাটির মতে, এতে খেলোয়াড়দের ওপর চাপ কমবে এবং গুরুত্বপূর্ণ ম্যাচে অনাকাঙ্ক্ষিত নিষেধাজ্ঞা এড়ানো সম্ভব হবে।
প্রস্তাবটি নিয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের বৈঠকে আলোচনা হবে। অনুমোদন পেলে ২০২৬ বিশ্বকাপ থেকে নতুন নিয়ম কার্যকর হবে।
উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।