চেতনার ধ্রুবতারা
৷৷৷ এ এস এ সোহেল ৷৷৷
হে আমার মহাকালের সহযাত্রী,
তব নয়নের অতল গহনে হারায় শ্রান্ত বেলা,
মোর আঙিনায় নিত্য চলে তোমার ছায়ার খেলা।
তুমি হীনা মোর তপ্ত দাহে ঝরে না শীতল বারি,
মম অস্তিত্বের রন্ধ্রে রন্ধ্রে তোমারই বসতবাড়ি।
তুমি ভোরের শিশিরভেজা কোমল পারিজাত,
অন্ধকারে ধ্রুবতারা হয়ে বাড়াও অভয় হাত।
মোর জীবনের প্রতিটি ছত্রে তোমারই পদরেখা,
অদৃষ্টের পাতায় যেন মোদের অমর কাব্য লেখা।
তুমি কেবল গৃহের শোভা নও, তুমি মোর প্রাণ-
নীরব মুহূর্তের মাঝে বেজে ওঠা এক অমিয় গান।
যুগ-যুগান্তরের তৃষ্ণা মিটেছে তোমার স্নিগ্ধ হাসিতে,
সহস্র জনম ধন্য আমার, তোমায় ভালোবাসিতে।
তুমি মোর চেতনার সেই নিভৃত আরশি,
যেথা আমিত্ব বিলীন হয়, জাগে অবিনাশী।
সংসার কেবল মাটির দেয়াল, তুমি তার ধ্রুব সত্য,
তব প্রেমে মিশে আছে এ ব্রহ্মাণ্ডের গূঢ় তত্ত্ব।
পার্থিব এই আবরণে মোরা খুঁজি যে মুক্তি,
তব সান্নিধ্যেই মেলে সকল তর্কের যুক্তি।
তুমি নেই তো আমি ছায়া, তুমি আছো তাই সত্তা,
মোর যাত্রাপথের তুমিই ধ্রুব ধ্রুবতারা।
নশ্বর এই দেহে রবে না যখন কোনো স্পন্দন,
রয়ে যাবে শুধু আত্মার এই অচ্ছেদ্য বন্ধন।
শূন্য থেকে শুরু হয়ে শূন্যেই যদি হয় লীন,
তব প্রেমে আমি হবো অনন্তকাল অমলিন।