বিনোদন ডেস্ক »
বাংলাদেশ নিউজ টুডে :
শিগগিরই জুটি বেঁধে পর্দা মাতাতে আসছেন প্রার্থনা ফারদিন দীঘি এবং সৈয়দ জামান শাওন। জানা গেল, ‘৩৬-২৪-৩৬’ নামে একটি সিনেমায় জুটি বেঁধেছেন শাওন-দীঘি। সিনেমাটি নির্মাণ করেছেন রেজাউর রহমান। গত ১৫ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডেও জমা পড়েছে সিনেমাটি। এটি চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের পঞ্চম সিনেমা। শুরুতে ওয়েব ফিল্ম হিসেবে কেবল ওটিটিতে মুক্তির কথা থাকলেও, এখন প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তি দিতে চায় চরকি।
শাওন বলেন, এটা পারফেক্ট সিনেমার গল্প। একই সঙ্গে এখানে রোমান্টিক-কমেডির পাশাপাশি সামাজিক বার্তা রয়েছে সিনেমায়। পারিবারিক ঘরানার সিনেমাটি দেখে দর্শক হতাশ হবেন না।
ওয়েব ফিল্ম হিসেবে গত জুলাইতে চরকিতে মুক্তির কথা ছিল সিনেমাটির। তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে তখন মুক্তি দেওয়া সম্ভব হয়নি এটি। এখন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে হলে মুক্তি পেতে যাচ্ছে।
সিনেমায় শাওন-দীঘি ছাড়া আরও অভিনয় করেছেন কারিনা কায়সার, গোলাম কিবরিয়া তানভীর, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, রোজী সিদ্দিকী, শামীমা নাজনীন, আবু হুরায়রা তানভীরসহ অনেকে।