অবশেষে নেইমারের অপেক্ষা শেষ হলো। ৩৬৯ দিন পর মাঠে ফিরলেন ব্রাজিলের এই সুপার স্টার। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে সোমবার রাতে মাঠে নামেন তিনি। ম্যাচের ৭৭তম মিনিটে নেইমার মাঠে প্রবেশ করেন। গ্যালারি থেকে আসা উল্লাস তখন বলে দিচ্ছিল তার অপেক্ষায় কতটা ব্যাকুল ছিলেন দর্শকরা। এই ম্যাচ আল হিলাল জিতেছে তবে তার চেয়ে বড় খবর নেইমারের মাঠে ফেরা। সোমবার রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগে আল আইনের মাঠে ৫-৪ গোলে জিতেছে আল হিলাল।

৯ গোলের রোমাঞ্চকর এই ম্যাচে আল হিলালের হয়ে হ্যাটট্রিক করেন সালেম-আল দাসারি। আল আইনের হয়ে হ্যাটট্রিক করেন সুফিয়ান রাহিমি।
গোল না পেলেও বদলি হিসেবে নেমে গোলের সুযোগ তৈরি করেন নেইমার। তবে এর চেয়ে মাঠে ফেরাতেই বেশি স্বস্তির তার। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার লেখেন, ‘এই অনুভূতিটা আবারও জেগে ওঠায় ভালো লাগছে। ম্যাচের আগে স্নায়ুচাপে ভোগাটা দারুণ…আশা করি স্বাস্থ্যকর প্রত্যাবর্তন হবে।’
গত বছর ১৮ই অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুতে চোট পান নেইমার। এসিএল চোটের পাশাপাশি হাঁটুর মিনিসকাসেও আঘাত লাগে তখন। অস্ত্রোপচারের পর শুরু হয় তাঁর পুনর্বাসন প্রক্রিয়া আর মাঠে ফেরার অপেক্ষা। ৩৬৯ দিন পর ঘুচল সেই অপেক্ষা। বেঞ্চ থেকে মাঠে নেমেই গোলের সুযোগ তৈরি করেন নেইমার। আলেক্সান্দার মিত্রোভিচের সঙ্গে পাস আদান প্রদান করে বক্স থেকে শট নেওয়ার সুযোগ তৈরি করেছিলেন। শট নিলেও আল আইন গোলকিপার খালিদ এইসার হাতে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচে যোগ করা ১৬ মিনিট সময়েও একটি গোলের সুযোগ পান নেইমার। যদিও সেটা কাজে লাগাতে পারেননি।