আল হিলালে যোগ দেওয়ার পর থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার মাঠের চেয়ে বাইরেই বেশি সময় কাটিয়েছেন। ইনজুরির কারণেই এমন অবস্থা নেইমারের। এসিএ এর ইনজুরি কাটিয়ে এক বছর পর মাঠে ফিরে দুই ম্যাচে মোট ৪২ মিনিট খেলেছেন। তারপর আবারও ইনজুরিতে নেইমার। ধারণা করা হচ্ছে এবার অন্তত্য দুই সপ্তাহের জন্য ছিটকে গেছেন মাঠের বাইরে।
গুঞ্জন উঠেছে, এমন ইনজুরি-প্রবণ তারকাকে নাকি আল-হিলাল স্কোয়াডে রাখবে না। বেচে দিতে পারে আগামী জানুয়ারিতে।
ইনজুরির কারণে সৌদি প্রো-লিগের স্কোয়াডে আগে থেকেই ছিল না নেইমারের নাম। যে ৪২ মিনিট খেলেছেন তা এএফসি চ্যাম্পিয়নস লিগে।
মৌসুমের দ্বিতীয় ধাপেও নেইমারকে লিগের স্কোয়াডে রেজিস্টার করতে চায় না আল-হিলাল। এমনই খবর। আল হিলালে যোগ দেয়ার পর থেকে নেইমার এখন পর্যন্ত মাত্র ৭টি ম্যাচ খেলেছেন ক্লাবের হয়ে।
সৌদি সাংবাদিক ওয়ালিদ আল-ফারাজ বলছেন, ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তির মেয়াদ আল-হিলালের। তবে তার আগেই ক্লাবটি জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে তাকে বেচে দিতে পারে। এক্ষেত্রে ক্ষতিপূরণ হিসেবে ৯০ মিলিয়ন ইউরোও নেইমারকে দিতে প্রস্তুত আল-হিলাল।
আরেক ক্রীড়া সমালোচক মোহাম্মেদ আল-শেইখের দাবি – যতদিন তিনি (নেইমার) মাঠে ছিলেন, তারচেয়ে বেশি ছিলেন মাঠের বাইরে। তিনি একজন ক্ষতিগ্রস্ত (ইনজুরি-কবলিত) ফুটবলার এবং দলে তেমন গ্রহণযোগ্যতাও নেই, বিষয়টি স্পষ্ট। তিনি অনেক বেশি প্রতিভাবান, তবে তার শরীর ইনজুরি-প্রবণ। এভাবে তার অধারাবাহিকতা আল-হিলালকে আর্থিক ও কৌশলগতভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং ক্লাব সেই পরিস্থিতি থেকে মুক্তি চায়। সেক্ষেত্রে মেয়াদ বাকি থাকতেই তাকে বাদ দিলে ক্ষতিপূরণও দিতে হতে পারে তাদের।