নিজস্ব প্রতিনিধ
গাজীপুর :
গাজীপুর সিটিকরপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র, ৪৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আসাদুর রহমান বিজিবির হাতে আটক হয়ে জেল হাজতে রয়েছেন। আটক হওয়ার তার বিরুদ্ধে বিচারের দাবিতে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কিরণ দেশ-বিদেশে গড়ে তুলেছেন কয়েক হাজার কোটি টাকার সম্পদ। আটক হওয়ার পর গাজীপুরে খোঁজ পাওয়া গেছে প্রায় ১৬০ কোটি মূল্যের একটি বাগান বাড়ির। হিন্দুসম্প্রদায়ের জমি দখল করে গড়ে তোলা এই বাগান বাড়িতে এখন কেউ নেই। বাড়ির গেটে তালা মেরে পালিয়েছে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা। সরেজমিনে গিয়ে এমন তথ্য পাওয়া যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের রয়েন গ্রামটি বালু নদীর পূর্ব তীরে অবস্থতি। এর বিপরীত তীরে ছিকুলিয়া গ্রাম। এই গ্রামের পূর্ব অংশে বালু নদীর ফোরশোরে নদীর তীর দখল করে কিরণ গড়ে তোলেছেন বিলাসবহুল বাগান বাড়ি। গত সোমবার রাতে কিরণ বিজিবির হাতে আটক হওয়ার খবর ছড়িয়ে পড়লে তার সেই বাগান বাড়ির দায়িত্ব থাকা লোকজন আত্মগোপনে চলে যায়। গেটের ভেতরে বেশ কয়েকটি ভবন নির্মান করা হয়েছে। থাকার জন্য বাংলো, ফুলের বাগানসহ একটি পরিপূর্ন রিসোর্টের কাজ চলমান রয়েছে। কিন্তু কিরণ আটকের পর নিরাপত্তা দলসহ কাজে থাকা সবাই পালিয়ে গেছে।
ভূমিখেকো গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের বিরুদ্ধে মুখ খুলতে সাহস না পেলেও আটকের পর মুখ শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, দুই দিন আগেও লোকজন ছিল। কাজ চলমান ছিল। এখন নেই। তালা মেরে চলে গেছে। ২০২১ ও ২০২২ সালে ভারপ্রাপ্ত মেয়র থাকা অবস্থায় কিরণ নিজের ও তার প্রতিষ্ঠান গ্রীনডট বিল্ডার্স এর নামে ৩.২৬ একর জমি ক্রয় করে জমাভাগ করেছেন। মোট ৬টি নামজারী করে জমাভাগ করার পর খাজনা পরিশোধ করেছেন তিনি। হিন্দুদের জমি নাম মাত্র মূল্যে ক্রয় করেছেন কিরণ। একই সঙ্গে বালু নদীর ফোরশোরও দখল করে মাটি ও বালু ভরাট করেছেন। এখন এই বাগান বাড়ির আওতায় প্রায় ৪০ বিঘা জমি আছে। ১০ বিঘা জমি ক্রয় করে দখল করতে করতে এখন ৪০ বিঘার মত জমি কিরণের কব্জায় বলে জানিয়েছেন তারা।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, জমি কেনা ১০ বিঘার মত। বায়না করা আছে আরও ১০ বিঘা। বাকী জমি কিরণ কিভাবে নিয়েছেন তা তারা জানেন না। তবে হিন্দুদের জমি ও বালু নদীর ফোরশোর দখলের মাধ্যমে কিরণের ৪০ বিঘা হয়েছে এটা নিশ্চিত করেছেন তারা।
জমি কেনা-বেচার সাথে জড়িত একাধিক ব্যাক্তি ও প্রতিষ্ঠান বলেছেন, ওই খানে জমির বর্তমান মূল্য ২০ লাখ টাকা কাঠা। সেই হিসেবে ৪০ বিঘা জমির মূল্য ১৬০ কোটি টাকা হবে।
গাজীপুর সিটিকরপোরেশনের ৪১ নং ওয়ার্ডের ছিকুলিয়া গ্রামটি পূবাইল ভূমি অফিসের অধীন। এই বিষয়ে পূবাইল ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আরিফউল্লাহ বলেন, সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ নিজ নামে ও তার প্রতিষ্ঠান গ্রীনডট বিল্ডার্স এর নামে ২০২১-২০২২ সালে মোট ৬টি খারিজের মাধ্যমে ৩.২৬ একর জমির মালিক হয়েছেন। বাকী জমির বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।
উল্লেখ্য, গত সোমবার যশোরের শার্শা থানার শিকারপুর সীমান্তে কিরণ বিজিবির হাতে আটক হন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি ও হামলা করে হতাহতের অভিযোগে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি হত্যা মামলাসহ ৭টি মামলা রয়েছে বলে জানা যায়।