শাহজাহান আলী, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে শিক্ষা মন্ত্রণালয় বাস্তবায়িত পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি) প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ৩৩ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হলরুমে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান এবং একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন মেঘাই দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা কামারুজ্জামান এবং মাইজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিএম আতিকুর রহমান।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবক, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের পুরস্কার শিক্ষার্থীদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ বাড়াবে এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে অনুপ্রেরণা জোগাবে।