ভ্রাম্যমাণ প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (২৪ জুলাই) মধ্যরাতে উপজেলার নিত্যনন্দনপুর ইউনিয়নের শেখড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় দুটি পিস্তল, একটি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, শৈলকুপা উপজেলার দক্ষিণ মনোহরপুর গ্রামের সানাউল্লা মিয়ার ছেলে সাইফুল ইসলাম পাভেল (৩৬), আজগর আলী শেখের ছেলে আলী রাজ শেখ (২১) এবং মৃত কিয়াম উদ্দিনের ছেলে সোবাদ আলী মোল্লা (৫৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শেখড়া গ্রামের জিয়া মন্ডলের সঙ্গে সাইফুল ইসলাম পাভেলের পারিবারিক বিরোধ চলে আসছিল। সম্প্রতি শেখড়া বাজারে একটি মোটরসাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার দিন রাতেই আনুমানিক ৮–১০ জনের একটি দল জিয়া মন্ডলের বাড়ির দিকে গেলে সংঘর্ষের আশঙ্কায় এলাকাবাসী ডাকাত সন্দেহে তিনজনকে আটক করে।
একপর্যায়ে স্থানীয় জনতা সাইফুল ইসলাম পাভেলকে মারধর করে গুরুতর আহত করে ফেলে রাখে। পরে জিয়া মন্ডলের বাড়ির পাশের একটি রাস্তার পাশে দুটি পিস্তল ও দুটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা শৈলকুপা আর্মি ক্যাম্পকে বিষয়টি জানায়।
খবর পেয়ে শৈলকুপা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর আসিফ মোস্তফার নেতৃত্বে যৌথবাহিনী ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে অস্ত্র, গুলি, মোটরসাইকেলসহ তিনজনকে আটক করে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলাম পাভেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।