ইয়াহিয়া খান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের যমুনা বিধৌত চৌহালী উপজেলায় “জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে শপথ” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এই গুরুত্বপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি দুই পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় আয়োজনের সঙ্গে সংযুক্ত হয়ে অংশগ্রহণকারীরা লাখো কণ্ঠে “জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে শপথ” গ্রহণ করেন। দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম জাহিদ তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি মো. জাহিদ মোল্লা, যুব উন্নয়ন কর্মকর্তা তপন কুমার সূত্রধর, খাষকাউলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু, বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী ও প্রবীণ শিক্ষক আশরাফ আলী মাস্টার।
অনুষ্ঠানে বক্তারা জুলাই আন্দোলনে নিহত ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্মরণে দোয়া করেন এবং সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
প্রায় শতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠান শেষ অংশগ্রহণকারীরা সমাজ পরিবর্তনে সচেতন ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।