বলিউডের রূপ ও রঙের দুনিয়ায় নিজ আলোয় আলোকিত ক্যাটরিনা কাইফ, নেই কোনো গডফাদার, নেই কোনও উত্তরাধিকার। শুধুমাত্র কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসকে সম্বল করে হয়ে উঠেছেন এই প্রজন্মের ‘ডান্সিং কুইন’ ও হার্টথ্রব।
শৈশব থেকেই জীবনে ছিল ছায়ার আধিক্য, বাবার সঙ্গে বিচ্ছেদ, দেশের পর দেশ ঘুরে মায়ের সঙ্গে অনিশ্চিত বাসস্থান, নিয়মিত স্কুলের অভাব। তা সত্ত্বেও মাত্র ১৪ বছর বয়সেই মডেলিং শুরু করেন তিনি। লন্ডনের র্যাম্প থেকে সরাসরি বলিউডের দরজায় কড়া নাড়া ২০০৩ সালে ‘বুম’ দিয়ে অভিষেক। যদিও প্রথম ছবি ব্যর্থ, থামেননি।
দক্ষিণী সিনেমা ‘মল্লেশ্বরী’ তাঁকে এনে দেয় জনপ্রিয়তা। এরপর একে একে ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’, ‘নমস্তে লন্ডন’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘ধুম ৩’সহ বহু হিট ছবিতে নিজেকে প্রমাণ করেন তিনি।
প্রেম-গল্পও তাঁর জীবনের এক অনিবার্য অধ্যায়। সালমান খান, রণবীর কাপুর, অক্ষয় কুমার থেকে শুরু করে নানা নাম জড়িয়েছে তাঁর সঙ্গে। শেষমেশ দীর্ঘ সম্পর্কের পর ২০২১ সালে বিয়ে করেন অভিনেতা ভিকি কৌশলকে।
২৬৩ কোটি টাকার সম্পত্তির মালিক এই তারকা আজ শুধুই একজন অভিনেত্রী নন, একটি অনুপ্রেরণার নাম।
বিনোদন ডেস্ক/বাংলাদেশ নিউজ টুডে