নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার (২৮ জুলাই) মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে সাংবাদিক নেতা, সম্পাদক পরিষদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, বাংলা একাডেমি ও বার কাউন্সিলসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ কমিটিতে দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম ও নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীরকে অন্তর্ভুক্ত করা হলেও, নিজের নাম অন্তর্ভুক্তির বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নূরুল কবীর। মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ কমিটি থেকে নিজেকে প্রত্যাহারের অনুরোধ জানান।
ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে নূরুল কবীর লেখেন, ‘অত্যন্ত অবাক করার বিষয় হলো, তথ্য মন্ত্রণালয় আমাকে প্রেস কাউন্সিলের সদস্য করেছে, সেটিও ভুল বানানে এবং আমার অনুমতি ছাড়াই। অতীতে একাধিকবার আমি বিনয়ের সঙ্গে এ ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। এবার সরকার বা অন্য কেউ আমার সম্মতি নেওয়ার চেষ্টা পর্যন্ত করেনি।’
নূরুল কবীরের এ স্ট্যাটাসের পর প্রেস কাউন্সিলের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম মন্তব্য করেন, ‘আইন অনুযায়ী সম্পাদক পরিষদ প্রেস কাউন্সিলে মনোনয়ন দিয়েছে। ধরে নেওয়া হয়েছিল, পরিষদ আপনাকে জিজ্ঞাসা করেছে। মন্ত্রণালয়ের এককভাবে কাউকে নিয়োগ বা মনোনয়ন দেওয়ার এখতিয়ার নেই। আশা করি, বিষয়টি পরিষ্কার করতে প্রেস কাউন্সিল ও সম্পাদক পরিষদ ব্যাখ্যা দেবে।’
নবগঠিত দুই বছর মেয়াদি এ কমিটির অন্য সদস্যরা হলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আকতার মালা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, বণিক বার্তা-এর সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক পূর্বকোণ-এর সম্পাদক রমিজ উদ্দিন চৌধুরী, নোয়াবের (নিউস্পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) উপদেষ্টা আখতার হোসেন খান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব মো. ফখরুল ইসলাম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন।
উল্লেখ্য, চলতি বছরের ২৭ নভেম্বর হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. এ কে এম আবদুল হাকিমকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় বর্তমান সরকার।