নিজস্ব প্রতিনিধি :
ফরিদপুরে অটোরিকশাচালক শওকত মোল্লা হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ মাসের কারাদণ্ডের রায় দেন আদালত।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাকসুদুর রহমান এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজনের মধ্যে চারজন আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁদের কারাগারে পাঠানো হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, মেহেদী আবু কাওসার, জনি মোল্লা, মোহাম্মদ রাসেল শেখ, রাজেশ রবিদাস ও রবিন মোল্লা।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৪ নভেম্বর বিকেলে অটোরিকশাচালক শওকত মোল্লা শহরের পশ্চিম খাবাসপুর এলাকার এক ভাড়া বাসা থেকে রিকশা নিয়ে বের হন। রাতে বাড়ি না ফিরলে তাঁর পরিবার খোঁজ শুরু করে। পরদিন সকালে গোয়ালচামট বাইপাস সড়কের ধানক্ষেতে শওকতের মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা তাঁকে শনাক্ত করেন।
তদন্তে জানা যায়, গলায় কাপড়ের বেল্ট পেঁচিয়ে শওকতকে শ্বাসরোধে হত্যা করা হয় এবং তাঁর অটোরিকশা ও মোবাইল ফোন লুট করে খুনিরা পালিয়ে যায়। নিহতের বাবা আয়নাল মোল্লা ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ১০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট চৌধুরী জাহিদ হাসান খোকন বলেন, “আদালত সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আজকের রায় দিয়েছেন। আমরা রায়ে সন্তুষ্ট।”
অন্যদিকে, শওকতের স্বজনরা দ্রুত এ রায় কার্যকরের দাবি জানিয়েছেন।