নিজস্ব প্রতিনিধি :
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি সফল অভিযান চালিয়ে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
৩১ জুলাই রাতে ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হক ভুঁইয়ার নেতৃত্বে এসআই অলক কুমার দে ও এএসআই মো. শামসুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স যশোরের ঝিকরগাছা বাজারের রাজা পট্টি এলাকায় অভিযান চালান। ভিশন ইলেকট্রনিক্স দোকানের সামনে থেকে মো. মহিনুর রহমান (৫৫) নামে ওই মাদক কারবারিকে আটক করা হয়।
তল্লাশির সময় তার হাতে থাকা দুটি নীল পলিথিন ব্যাগ থেকে মোট ৩৫০ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়।
আটক মহিনুর রহমান যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া (সরদারপাড়া) গ্রামের মৃত শাহজাহান সর্দারের পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ইতোমধ্যে ছয়টি মাদক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত।
গ্রেপ্তার মহিনুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।
ডিবি জানায়, যশোরে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।