সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আসাদুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে ভয়াবহ প্রতারণার অভিযোগ উঠেছে। নিজেকে উপজেলা কৃষক লীগের প্রচার সম্পাদক ও ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে রাজনৈতিক প্রভাব দেখিয়ে তিনি শতাধিক মানুষের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র ও একাধিক ভুক্তভোগীর তথ্যমতে, বিগত কয়েক বছর ধরে আসাদুল ইসলাম দেশের বিভিন্ন জেলার সহজ-সরল যুবক-যুবতীদের সরকারি চাকরি, বিভিন্ন প্রকল্পে নিয়োগ, দৈনিক ইনকামের ব্যবস্থা, এমনকি বয়স্ক ও বিধবা ভাতা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। তার প্রতারণার কৌশলে রয়েছে সাংবাদিক পরিচয় দিয়ে ঘনিষ্ঠতা তৈরির পর নানা সরকারি ও বেসরকারি কর্মসংস্থানের লোভনীয় প্রস্তাব দেওয়া।
ভুক্তভোগী বিদ্যুৎ চন্দ্র বর্মণ জানান,
“আসাদুল বিআরডিবি লোন পাইয়ে দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ১০,০০০ টাকা, মাটি কাটার প্রকল্পের চাকরির জন্য ৫,০০০ টাকা এবং অনলাইন নিউজ পোর্টালের নামে ২,০০০ টাকা নেয়। জানুয়ারিতে মাত্র ৪,০০০ টাকা ফেরত দিলেও এখনও বাকি ১৩,০০০ টাকা দেয়নি। টাকা চাইলে নানা ধরনের হুমকি দেয়।”
শুধু বিদ্যুৎ বর্মণই নন, আরও অনেক ভুক্তভোগী অভিযোগ করেছেন, আসাদুল প্রশাসনকে প্রভাবিত করতে রাজনৈতিক পরিচয় ব্যবহার করেন এবং গ্রামে একাধিকবার প্রতারণার অভিযোগ উঠলেও সভা-সমাবেশে নিজেকে নির্দোষ প্রমাণ করে আবারও পুরনো পথে ফিরে যান। ফলে অনেকেই মুখ খুলতে সাহস পান না।
অভিযোগ রয়েছে, আসাদুল ‘দৈনিক বাংলাদেশ জনপদ’, ‘আশ্রয় প্রতিদিন’, ‘রিপোর্ট ৭১’, ‘মুক্তি টিভি’সহ একাধিক পত্রিকা ও চ্যানেলের নাম ব্যবহার করে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন। সাধারণ মানুষকে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায় করাও তার প্রতারণার অন্যতম অস্ত্র।
উপজেলার বহু নিরীহ মানুষ এই প্রতিবেদকের কাছে দাবি করেছেন আসাদুল ইসলাম একজন ঠান্ডা মাথার প্রতারক, এবং তার বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ না নিলে আরও অনেক মানুষ প্রতারণার শিকার হবেন।