নিজস্ব প্রতিনিধি :
ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি নিতে গেলে বাড্ডায় তা আটকে দেয় পুলিশ। এতে ক্ষুব্ধ হয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন, ফলে বাড্ডা কাঁচাবাজার, হোসেন মার্কেট, মেরুল বাড্ডা ও রামপুরা এলাকায় যান চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়।
বুধবার (৬ আগস্ট) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল বের করে ভারতীয় দূতাবাস অভিমুখে রওনা হন জাগপার নেতাকর্মীরা। মেরুল বাড্ডার কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে গিয়ে পুলিশ তাদের আটকে দেয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন।
সমাবেশে বক্তারা শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়ে ভারত সরকারের প্রতি আহ্বান জানান। প্রায় এক ঘণ্টা সড়কে অবস্থানের পর পুলিশ সড়ক ছেড়ে দিতে বললে জাগপা কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে দুপুর সোয়া ১২টার দিকে বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে দেন।
এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “জাগপার নেতাকর্মীরা শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবিতে সড়কে অবস্থান নেন। এতে যান চলাচল বিঘ্নিত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা বাধ্য হয়ে তাদের সরিয়ে দেই।”