নিজস্ব প্রতিনিধিঃ
সংবিধান সংশোধন এবং জুলাই সনদের আলোকে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, অতীতে রাজনৈতিক বিভাজন থাকলেও বর্তমান বাস্তবতায় গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার স্বার্থে সব রাজনৈতিক শক্তির ঐক্য অপরিহার্য।
মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে বিপ্লব বা গণআন্দোলনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার মাধ্যমে গণতান্ত্রিক অগ্রগতি নিশ্চিত হয়েছে—বাংলাদেশেও সেই পথ অনুসরণ করে গ্রহণযোগ্য ঐকমত্য গড়ে তোলা প্রয়োজন।
তিনি আক্ষেপ করে বলেন, কিছু রাজনৈতিক প্রস্তাবে জুলাই সনদের প্রতিফলন যথাযথভাবে হয়নি। তবে সংলাপ ও আলোচনার মাধ্যমে এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন।
আইনমন্ত্রী আরও বলেন, সংসদে অর্থনীতি, কৃষি, সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক বিষয় নিয়ে আরও বিস্তৃত আলোচনা প্রয়োজন। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষক সহায়তা ও সামাজিক সুরক্ষা কর্মসূচির কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সবশেষে তিনি বিভেদ ভুলে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে সকল রাজনৈতিক দলের প্রতি একযোগে কাজ করার আহ্বান জানান।