নিজস্ব প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলার জোকাদহ বটতলা এলাকায় স্ত্রী লতা খাতুনকে শ্বাসরোধে হত্যা করার দায়ে স্বামী সিরাজুল ইসলাম (৪৭)কে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের সাজা দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক মোঃ সোহাগ তালুকদার।
মামলা সূত্রে জানা যায়, সিরাজুল ইসলামের সঙ্গে রাম নারায়নপুরের হেলাল উদ্দিনের মেয়ে লতার বিয়ে হয়। বিয়ের পর থেকেই দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল। ২০২০ সালের ২৭ এপ্রিল পারিবারিক বিবাদের জের ধরে সিরাজুল ইসলাম লতাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ জোকাদহ বটতলা এলাকায় ফেলে পালিয়ে যায়। পরে লতার বাবা হেলাল উদ্দিন ১৩ ডিসেম্বর লালপুর থানায় মামলা দায়ের করেন।
পুলিশ অভিযান চালিয়ে সিরাজুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। মামলার শুনানি ও সাক্ষ্য গ্রহণের পর আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করেন বলে নাটোর জজ কোর্টের সহকারী সরকারি কৌশুলি অ্যাডভোকেট মাহমুদুর রহমান মামুন জানান।