গুগলের মালিকানাধীন এই ভিডিও স্ট্রিমিং জায়ান্ট চুপিসারেই এই ফিচার চালু করেছে, ফলে অনেক ইউজার এখনো বিষয়টি খেয়ালই করেননি। নতুন এই ফিচারে, কোনো সাবস্ক্রিপশন ছাড়াই ইউটিউব অ্যাপ থেকে ভিডিও চালু করে চ্যানেল নামের নিচে থাকা ‘ডাউনলোড’ অপশনে ট্যাপ করলেই ভিডিও ডাউনলোড করা যাচ্ছে।
নতুন এই ফিচারটি প্রথম সামনে আনেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিট-এর এক ব্যবহারকারী। এরপর বিষয়টি নিয়ে প্রযুক্তি বিশ্লেষকরা গবেষণা চালালে তারা দেখতে পান, বিভিন্ন ডিভাইসে ফিচারটি সক্রিয় রয়েছে এবং কাজ করছে। তবে এখানে একটি বড় সীমাবদ্ধতা হলো ভিডিওর ডাউনলোড কোয়ালিটি।
প্রিমিয়াম গ্রাহকরা আগে থেকেই ১০৮০পি ফুল এইচডি এবং ৭২০পির মতো উচ্চমানের রেজল্যুশনের ভিডিও ডাউনলোড করতে পারতেন। তবে বিনা মূল্যের ব্যবহারকারীদের জন্য এই রেজল্যুশন সীমিত রাখা হয়েছে শুধু ৩৬০পি এবং ১৪৪পিতে।
বিনা মূল্যে ব্যবহারকারীদের জন্য আরও একটি সীমাবদ্ধতা হলো, ইউটিউব মিউজিকে থাকা গান বা মিউজিক ভিডিও ডাউনলোড করা যাবে না। প্রিয় মিউজিক ভিডিওগুলো অফলাইনে দেখতে হলে এখনো প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে।
বর্তমানে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনের দাম ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রতি মাসে ২৩৯ টাকা।
উল্লেখ্য, ইউটিউব প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশনেও এই ডাউনলোড সুবিধা নেই। অর্থাৎ, কেউ যদি ভাবে লাইট প্ল্যানে সাবস্ক্রাইব করলেই এই সীমাবদ্ধতা এড়ানো যাবে, তবে তা সম্ভব নয়।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েডপুলিশ