নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত দুই নারীকে হেনস্তার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ভুক্তভোগী দুই নারীকে কান্নাজড়িত কণ্ঠে বিচার দাবি করতে দেখা যায়।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। প্রশাসন জানিয়েছে, কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, লাঠি হাতে এক তরুণ এক নারীর দিকে তেড়ে যাচ্ছেন। সহপাঠীদের দাবি, তিনি বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩–২৪ সেশনের শিক্ষার্থী আহমেদ রাকিব। ভিডিওতে আরও এক শিক্ষার্থীকে উপস্থিত থাকতে দেখা যায়, যিনি থিয়েটার ও পারফরম্যান্স বিভাগের শাহরিয়ার তুষার বলে পরিচিতজনেরা জানিয়েছেন। তবে অভিযুক্তদের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা করা হলে একজনের মুঠোফোন বন্ধ পাওয়া যায় এবং অন্যজন কল রিসিভ করেননি।
ভিডিওতে ভুক্তভোগী নারীদের একজন অভিযোগ করেন, পুরান ঢাকায় সেহরি খেয়ে টিএসসি এলাকায় ঘুরতে এসে তারা হেনস্তার শিকার হন। তিনি দাবি করেন, তাদের অবমাননাকর ভাষায় সম্বোধন করা হয়েছে এবং শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ বলেন, “ভিডিওটি আমরা দেখেছি। ঘটনার সত্যতা যাচাইয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। শিক্ষার্থীদের একটি অংশ ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।