ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ হামে আক্রান্ত শিশুর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ছয় শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্তমানে হাসপাতালে রোগীর চাপ এতটাই বেশি যে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে। নির্ধারিত শয্যার তুলনায় অতিরিক্ত রোগী থাকায় অনেক ক্ষেত্রে এক বিছানায় দুই শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে, এমনকি কিছু রোগী মেঝেতেও চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসকদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা হাঁচি-কাশি কিংবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে দ্রুত ছড়িয়ে পড়ে। এ রোগে আক্রান্ত শিশুদের মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া, চোখের প্রদাহ এবং মস্তিষ্কের জটিলতা দেখা দিতে পারে, যা প্রাণঘাতীও হতে পারে।
হাসপাতাল সূত্র জানায়, গত ১৭ মার্চ থেকে ৩০ মার্চ সকাল পর্যন্ত মোট ১০৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে পাঁচজন শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বর্তমানে হাসপাতালে ৬৮ জন শিশু চিকিৎসা নিচ্ছে।
পরিস্থিতি মোকাবিলায় ২৪ মার্চ হাসপাতাল কর্তৃপক্ষ তিনটি বিশেষ মেডিকেল টিম গঠন করেছে। শিশু ওয়ার্ডের তিনটি কক্ষে ‘হাম কর্নার’ নামে ১০ শয্যার বিশেষ ইউনিট চালু করা হয়েছে। তবে রোগীর সংখ্যা বেশি হওয়ায় সেখানেও জায়গা সংকট দেখা দিয়েছে।
এদিকে, আক্রান্তদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড চালুর প্রস্তুতি চলছে। হাসপাতালের ৮ তলায় নতুন একটি পৃথক ইউনিট তৈরি করা হচ্ছে, যেখানে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা রাখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিনই নতুন রোগী বাড়ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। একই সঙ্গে জেলা পর্যায়ে স্বাস্থ্য বিভাগও সক্রিয় রয়েছে। ময়মনসিংহের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং সেখানে সন্দেহজনক রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বাস্থ্য কর্মকর্তারা অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী টিকা নেওয়ার ওপর জোর দিয়েছেন, যাতে এই সংক্রামক রোগের বিস্তার রোধ করা যায়।
তাসকিন আহমেদ তানজিদ,ময়মনসিংহ জেলা প্রতিনিধি