নিজস্ব প্রতিনিধিঃ
দেশজুড়ে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে একজন রোগী ঢাকা বিভাগে এবং অপরজন ময়মনসিংহ বিভাগে মারা গেছেন। এছাড়া হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একই সময়ে দেশে নতুন করে ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৪ জনে।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সারা দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২৯ জনে। একই সময়ে সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭০ জন।
এছাড়া এই সময়ের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৩৮০ জন রোগী।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ ঠেকাতে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে।