নিজস্ব প্রতিনিধিঃ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিদেশি ঋণ ও সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কোনো জাতিকে কখনোই সত্যিকারের আত্মনির্ভরতার পথে এগোতে দেয় না; বরং এতে জাতীয় অর্থনীতির ভিত আরও দুর্বল হয়ে পড়ে।
আজ শনিবার রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে অনুষ্ঠিত ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি জাতির টেকসই উন্নয়ন তখনই সম্ভব, যখন সে তার নিজস্ব সম্পদ, কৃষি ও উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করে গড়ে তোলে। কৃষিই বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি—এ খাতকে উপেক্ষা করে কোনো উন্নয়ন কৌশলই সফল হতে পারে না।
ডা. শফিকুর রহমান আরও বলেন, বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশের কৃষিতেও পড়ছে। সেচ, সার উৎপাদন ও কৃষি পরিবহন ব্যবস্থার ব্যয় বৃদ্ধি পাওয়ায় কৃষকরা চরম চাপে রয়েছেন। এই পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্রীয়ভাবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি কৃষি খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো, দেশীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং কৃষকবান্ধব নীতিমালা প্রণয়নের আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, কৃষকের ন্যায্য অধিকার ও প্রাপ্য সহায়তা নিশ্চিত না হলে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
আলোচনা সভায় কৃষি বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।