নিজস্ব প্রতিনিধিঃ
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু নিশ্চিত হাম হিসেবে শনাক্ত করা হয়েছে এবং বাকি চারজনের ক্ষেত্রে হাম সন্দেহে মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
একই সময়ে নতুন করে হাম ও সন্দেহজনক উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯৫ শিশু।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৩৯ জন শিশুর মৃত্যু হয়েছে নিশ্চিত হাম রোগে। একই সময়ে হাম উপসর্গে আরও ১৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এ সময়ের মধ্যে দেশে নিশ্চিত হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯ জনে। পাশাপাশি সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৩৩৩ জন।