নিজস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা আমির হামজাকে আবারও লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য-সচিব মো. আই ইয়াশ ইমনের আবেদনের ভিত্তিতে আইনজীবী মো. নূরুল ইসলাম এ নোটিশ জারি করেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে করা মন্তব্যের জেরে এই নোটিশ দেওয়া হয়।
নোটিশে বলা হয়, ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা এবং রাষ্ট্রের একজন সম্মানিত ব্যক্তি। সম্প্রতি এক বক্তব্যে আমির হামজা তাকে ‘ফজু পাগলা’ বলে উল্লেখ করেন। পাশাপাশি তাকে পাবনার মানসিক হাসপাতালে পাঠানোর কথা এবং অবমাননাকর আরও মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়।
আইনজীবীর নোটিশে দাবি করা হয়েছে, এসব বক্তব্যের মাধ্যমে পরিকল্পিতভাবে ফজলুর রহমানকে হেয় প্রতিপন্ন করা হয়েছে, যা তার সামাজিক ও ব্যক্তিগত মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। এতে তিনি সামাজিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও উল্লেখ করা হয়।
নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এর দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে।
উল্লেখ্য, এর আগেও অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগে আমির হামজাকে একাধিকবার লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া জ্বালানি প্রতিমন্ত্রীকে নিয়ে বক্তব্যের জেরে সিরাজগঞ্জে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।