নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিতে যাচ্ছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। দলীয় সূত্র জানিয়েছে, তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন।
আগামী শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী কার্যালয়ে তার আনুষ্ঠানিক যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বর্তমানে এই পদে থাকা দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি জানান, দলের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংগঠনিক বিস্তৃতি জোরদার করতে প্রয়োজনীয় যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।
দলীয় সূত্র আরও জানায়, কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ইসহাক সরকার এনসিপিতে যোগ দেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৭ আসনে নির্বাচন করেন এবং উল্লেখযোগ্য ভোট অর্জন করেন।
এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ইসহাক সরকারের বিরুদ্ধে তিন শতাধিক রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছিল বলেও জানা গেছে।
এদিকে, আলাউদ্দীন মোহাম্মদ বর্তমানে দলের আন্তর্জাতিক বিষয়ক সেলের সহ-সম্পাদকের দায়িত্বও পালন করছেন।
এনসিপিতে যোগদানের বিষয়ে ইসহাক সরকার অভিযোগ করে বলেন, বিএনপিতে তাকে জনগণের সেবার যথাযথ সুযোগ দেওয়া হয়নি এবং বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়েছে। তবে তিনি ভবিষ্যতে কোনো বিদ্বেষ না রেখে নতুন রাজনৈতিক পরিসরে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।