মোঃ রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি:
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম (সেবা)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোঃ শামীম কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেরুন্নাহার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফজাল হোসেনসহ স্বাস্থ্য বিভাগ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ ও মেধাবী জাতি গঠনে সুষম পুষ্টির গুরুত্ব অপরিসীম। পুষ্টি সচেতনতা বৃদ্ধি, মা ও শিশুর অপুষ্টি দূরীকরণ এবং নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
এদিকে, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে মাগুরা সদর উপজেলা মিলনায়তনে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও মেহেরুন্নাহার এবং সঞ্চালনা করেন ডা. আফজাল হোসেন। সভায় সঠিক পুষ্টি, সুস্থ জীবনযাপন, ভিটামিন ও মিনারেলের গুরুত্ব, ফলমূল ও শাকসবজির উপকারিতা এবং পুষ্টি সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।