আন্তর্জাতিক ডেস্কঃ
ইরানের কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ২৪০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ এ তথ্য জানিয়েছে, যা পরবর্তীতে আল জাজিরা উদ্ধৃত করেছে।
কেরমানশাহ প্রদেশে পরিচালিত অভিযানে ১৫৫ জনকে আটক করা হয়। আইআরজিসির দাবি, গ্রেপ্তারকৃতরা সরকারবিরোধী বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে জড়িত। এদের মধ্যে মোসাদের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে চারজনকে গুপ্তচর হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে কুর্দিস্তান প্রদেশে পৃথক অভিযানে ১১ জনকে আটক করা হয় এবং এক কুর্দি সশস্ত্র যোদ্ধাকে নিহত করার দাবি করেছে বাহিনীটি। একই এলাকায় আরও একটি অভিযানে অতিরিক্ত ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে বলে জানায় আইআরজিসি। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করতেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।
এদিকে রাজধানী তেহরানে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে তা শত্রুপক্ষের কাছে পাঠাচ্ছিলেন।