আন্তর্জাতিক ডেস্কঃ
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনাকে কেন্দ্র করে কূটনৈতিক ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে।
আলোচনায় অংশ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছেছেন বলে জানা গেছে। তাঁর আগমনকে ঘিরে সংশ্লিষ্ট মহলে কূটনৈতিক তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন প্রতিনিধিদলের সদস্য স্টিভ উইটকফ এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার শনিবারই পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে। তাদের সফরকে কেন্দ্র করে ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।
আলোচনার সম্ভাব্য স্থান সেরেনা হোটেলের আশপাশের রেড জোন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো এলাকা ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।
এদিকে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই সংলাপকে ঘিরে আঞ্চলিক কূটনীতিতে নতুন গতি সঞ্চারের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।