আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির হত্যাকাণ্ডের ঘটনায় ২৬ বছর বয়সী মার্কিন নাগরিক হিশাম আবুগারবিয়েহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তদন্ত সূত্রে জানা গেছে, টাম্পার উত্তরে নিজ বাসভবনে পারিবারিক সহিংসতার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় হিশাম আবুগারবিয়েহ নিজেকে ঘরের ভেতর অস্ত্রসহ অবরুদ্ধ করে ফেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে বিশেষায়িত সোয়াট টিমকে ডাকা হয়। দীর্ঘ সময়ের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর তাকে আটক করা সম্ভব হয়।
হিলসবোরো কাউন্টি আদালত ও শেরিফ অফিসের নথি অনুযায়ী, হিশাম আবুগারবিয়েহ ইউএসএফ-এর সাবেক শিক্ষার্থী ছিলেন। ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করলেও বর্তমানে তিনি শিক্ষার্থী নন। তার বিরুদ্ধে এর আগে শারীরিক আঘাত, চুরি এবং পারিবারিক সহিংসতার একাধিক অভিযোগ ছিল। আদালতের নথিতে তার পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে সুরক্ষা আদেশ চাওয়ার তথ্যও পাওয়া গেছে।
তদন্তে আরও জানা যায়, নাহিদা সুলতানা বৃষ্টির বাসা থেকে সংগৃহীত ডিএনএ নমুনা হিশামের বাসভবন থেকে পাওয়া নমুনার সঙ্গে মিলেছে। এটি ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে জামিল লিমনের খণ্ডিত মরদেহ একটি সেতুর নিচ থেকে উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পর আলামত নষ্ট করা, মৃতদেহ সরানো এবং ঘটনাটি গোপন করার মতো একাধিক অভিযোগে হিশামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগও যুক্ত করা হয়েছে।
বর্তমানে তিনি হিলসবোরো কাউন্টি হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জশিট প্রস্তুতের কাজ চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন, ডিএনএ বিশ্লেষণ এবং পূর্ববর্তী অপরাধমূলক রেকর্ড একত্র করে মামলার পরবর্তী বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
ঘটনাটি নিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী সমাজে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।