আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি-তে এক নৈশভোজ অনুষ্ঠানে গুলির ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ওই ব্যক্তিকে ‘সম্ভাব্য হত্যাকারী’ হিসেবে উল্লেখ করে বলেন, হামলাটি পরিকল্পিত এবং হত্যার উদ্দেশ্যেই পরিচালিত হয়েছিল।
স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটন হিলটন হোটেল-এ আয়োজিত হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে এই ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প উপস্থিত ছিলেন।
প্রেসিডেন্ট জানান, সন্দেহভাজন ব্যক্তি একটি নিরাপত্তা চৌকিতে পৌঁছে একাধিক অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায়। তাৎক্ষণিকভাবে মার্কিন সিক্রেট সার্ভিস-এর সদস্যরা দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে আটক করতে সক্ষম হন। তাদের সাহসিকতা ও দ্রুত তৎপরতার প্রশংসা করেন ট্রাম্প।
ঘটনার সময় গুলির শব্দ শোনা গেলে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এতে এক নিরাপত্তা কর্মকর্তা গুলিবিদ্ধ হন, তবে তিনি প্রাণে বেঁচে গেছেন বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট।
পরবর্তীতে হোয়াইট হাউসের ব্রিফিং রুমে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, বাক্স্বাধীনতার প্রতি উৎসর্গীকৃত এই অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল। তিনি ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও সুরক্ষিত করার ওপর জোর দেন।
সন্দেহভাজন হামলাকারী বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে। প্রাথমিকভাবে তাকে মানসিকভাবে অসুস্থ বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট, তবে তদন্ত অব্যাহত রয়েছে।