আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজের সময় গুলির ঘটনার পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রেসিডেন্টের দায়িত্ব স্বভাবতই ঝুঁকিপূর্ণ হলেও তিনি মানসিকভাবে স্থিতিশীল আছেন এবং কোনো চাপেই ভেঙে পড়েননি।
স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত ওই নৈশভোজে হঠাৎ গুলির শব্দ শোনা গেলে অনুষ্ঠানে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ উপস্থিত সবাইকে নিরাপদে সরিয়ে নেয়। এ সময় অতিথিদের অনেককে টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায়।
যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানায়, কয়েকটি গুলির শব্দ শোনার পরপরই দ্রুত নিরাপত্তা প্রটোকল সক্রিয় করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনার পর সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হচ্ছে এবং তাকে আদালতে হাজির করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, এ ধরনের দায়িত্ব সবসময়ই ঝুঁকিপূর্ণ, তবে তিনি পরিস্থিতিকে স্বাভাবিকভাবে গ্রহণ করেন। তার ভাষায়, অনেকেই এমন পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়েন, কিন্তু তিনি সেই ধরনের নন।
তিনি আরও জানান, ঘটনার আগে কোনো ধরনের হুমকি বা সতর্কতা তাদের কাছে ছিল না। পুরো ঘটনাটি ছিল আকস্মিক এবং অপ্রত্যাশিত।
ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রসঙ্গেও তিনি উদ্বেগ প্রকাশ করেন, উল্লেখ করেন যে এ ধরনের দায়িত্ব পরিবারের জন্যও সমানভাবে ঝুঁকিপূর্ণ।