নিজস্ব প্রতিনিধিঃ
দেশে বন্ধ ও কম ব্যবহৃত বিমানবন্দরগুলো পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ে বিস্তারিত ফিজিবিলিটি স্টাডি পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে অভ্যন্তরীণ আকাশপথে সংযোগ জোরদার এবং আঞ্চলিক উন্নয়নে ভারসাম্য আনতে চায় সরকার।
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে দেশে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দর, নেভিগেশন সুবিধা, বিমান বাহিনীর ব্যবহৃত ঘাঁটি এবং স্বল্প দূরত্বে উড্ডয়ন-অবতরণ (এসটিওএল) সুবিধাসহ মোট ১৭টি বিমানবন্দর রয়েছে।
তিনি জানান, দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর—হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ঢাকা), শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর (চট্টগ্রাম) এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর (সিলেট)—আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় ধরনের ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া সৈয়দপুর, শাহ মখদুম (রাজশাহী), যশোর, বরিশাল ও কক্সবাজার বিমানবন্দরগুলোতে কেবল অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হয়।
মন্ত্রী আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত ঠাকুরগাঁও, লালমনিরহাট, ঈশ্বরদী, শমশেরনগর, কুমিল্লা ও পটুয়াখালী—এই ছয়টি এসটিওএল বিমানবন্দর বর্তমানে বন্ধ বা কম ব্যবহৃত অবস্থায় রয়েছে। এর মধ্যে কুমিল্লা বিমানবন্দর বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা না করলেও বিদেশি উড়োজাহাজের নেভিগেশন সেবা দিচ্ছে।
ঢাকার তেজগাঁও বিমানবন্দর প্রসঙ্গে তিনি বলেন, এটি বর্তমানে যাত্রীসেবা প্রদান করে না এবং বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারের আলোকে ছোট বিমানবন্দর ও এয়ারস্ট্রিপ উন্নয়নের মাধ্যমে বিভাগীয় ও জেলা শহরগুলোকে ধাপে ধাপে আকাশপথে সংযুক্ত করে একটি সমন্বিত জাতীয় নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, স্থানীয় পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে ইতোমধ্যে বন্ধ বিমানবন্দরগুলো পুনরায় চালুর সম্ভাব্যতা যাচাই কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে বগুড়ায় নতুন বিমানবন্দর স্থাপনের সম্ভাবনা যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-কে।
মন্ত্রী আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে এবং আঞ্চলিক বৈষম্য হ্রাস পাবে।