আন্তর্জাতিক ডেস্কঃ
চীনা ফিনটেক জায়ান্ট অ্যান্ট গ্রুপ-এর আন্তর্জাতিক শাখা অ্যান্ট ইন্টারন্যাশনাল বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট খাতে এক নতুন মাইলফলক স্পর্শ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের প্ল্যাটফর্মে বর্তমানে প্রায় ১৫০ মিলিয়ন মার্চেন্ট যুক্ত রয়েছে, যা দুই বিলিয়নেরও বেশি গ্রাহক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত।
এই ঘোষণা দেওয়া হয় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর-এ অনুষ্ঠিত তিন দিনব্যাপী প্রযুক্তি ও ব্যবসায়িক সম্মেলন মোমেন্টস ২০২৬-এ। সম্মেলনে কোম্পানির কর্মকর্তারা জানান, ভবিষ্যতের বাণিজ্য ব্যবস্থাকে এআই-নির্ভর করে তুলতে এই বিশাল পেমেন্ট নেটওয়ার্ককে কেন্দ্রীয় অবকাঠামো হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে অ্যান্ট ইন্টারন্যাশনাল বিশ্বের ২২০টিরও বেশি বাজারে কার্যক্রম পরিচালনা করছে। তাদের পেমেন্ট নেটওয়ার্ক ৩০০টির বেশি স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট পদ্ধতিকে সমর্থন করে। প্রতিদিন গড়ে দুই কোটিরও বেশি লেনদেন এই সিস্টেমের মাধ্যমে সম্পন্ন হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির মতে, বৈশ্বিক বাণিজ্যে ডিজিটাল লেনদেনের চাহিদা দ্রুত বাড়ছে। এই প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে পেমেন্ট সিস্টেমের সঙ্গে আরও গভীরভাবে সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে লেনদেন আরও দ্রুত, নিরাপদ এবং স্বয়ংক্রিয় হবে বলে আশা করা হচ্ছে।
ফিনটেক বিশ্লেষকদের মতে, অ্যান্ট ইন্টারন্যাশনাল-এর এই সম্প্রসারণ বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে তাদের অবস্থান আরও শক্তিশালী করছে। বিশেষ করে আন্তঃসীমান্ত লেনদেনে উন্নত প্রযুক্তির ব্যবহার আন্তর্জাতিক বাণিজ্যকে আরও সহজ ও কার্যকর করে তুলতে পারে।
কোম্পানিটি তাদের আলি প্লে +-সহ বিভিন্ন আন্তর্জাতিক পেমেন্ট সলিউশনের মাধ্যমে ইতোমধ্যে বিশ্বজুড়ে পরিচিতি অর্জন করেছে। সম্মেলনে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আরও উন্নত ডিজিটাল সেবা চালুর পরিকল্পনার কথাও জানানো হয়।
বিশেষজ্ঞদের মতে, এআই-ভিত্তিক কমার্স ইকোসিস্টেম তৈরির এই উদ্যোগ বৈশ্বিক ফিনটেক খাতে নতুন প্রতিযোগিতা সৃষ্টি করতে পারে এবং ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎ কাঠামোকে দ্রুত পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে।